সংক্ষেপে সারা দেশ
কারাদণ্ডলক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে তোফায়েল আহাম্মেদ (৩০) নামের এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কাওসার এ রায় দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথ বলেন, তোফায়েলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি ওই তরুণীকে উত্ত্যক্ত করার কথা স্বীকার করেন। পরে আদালত তাঁকে এ শাস্তি দেন। ইউএনও রায়হান কাওসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।মানববন্ধনসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্র অলক রায়ের মৃত্যুতে গতকাল রোববার বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক শোক কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে তাঁরা অলকের মৃত্যুর জন্য দায়ী যুবকের বিচার দাবি করে মানববন্ধন করেন। গত বৃহস্পতিবার অলকের সঙ্গে তন্ময় নামের এক যুবকের হাতাহাতি হয়। এ সময় তন্ময়ের কিল-ঘুষিতে অলক জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সুনামগঞ্জ প্রতিনিধি।একজনের মৃত্যু কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের সইলা গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত কফিল উদ্দিন (৪৫) গত শনিবার সদর আধুনিক হাসপাতালে মারা গেছেন। ওই দিন বিকেলে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুল গফুর, আবুল কাশেম, ছায়িদ মিয়া ও পাঞ্জু মিয়া। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।