সংক্ষেপে সারা দেশ
যুবক নিহতকাতারে সড়ক দুর্ঘটনায় গত শুক্রবার মো. রিপন (২৮) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হন। হতাহত ব্যক্তিদের সবার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। নিহত রিপন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হারুনুর রশিদের ছেলে। আহত ব্যক্তিরা হলেন—সোহেল হোসেন, মো. আরজু, হারুনুর রশীদ ও মো. মামুন। তাঁদের মধ্যে আরজুর অবস্থা আশঙ্কাজনক। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।এসআই বদলিকুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলামকে গতকাল শনিবার তাৎক্ষণিক বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চরমপন্থীদের সঙ্গে আঁতাত, পুলিশ সুপারের নামে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন লোকজনকে ভয়ভীতি দেখিয়ে মাসোহারা আদায়সহ নানা অভিযোগ ছিল। এসব অভিযোগের কারণে খুলনা বিভাগীয় পুলিশ দপ্তর থেকে পাঠানো ফ্যাক্সবার্তায় গতকাল তাঁকে বাগেরহাটে বদলি করা হয়েছে। কুষ্টিয়া অফিস।ছুরিকাহত চট্টগ্রাম নগরের অলংকার মোড়ে গতকাল শনিবার আলী নামের এক যুবক ছুরিকাহত হয়েছেন। ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে তাঁকে ছুরিকাঘাত করা হয় বলে পুলিশ সূত্র জানায়। পাহাড়তলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুলচন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, কয়েকজন যুবকের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আলী সামান্য আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আলী ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।