সংক্ষেপে সারা দেশ
দ্বাদশ সম্মেলনকুমিল্লায় উদীচী জেলা শাখার দ্বাদশ সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলনে শোভাযাত্রা, কাউন্সিল অধিবেশন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, গণসংগীত, নৃত্য ও নাটক প্রদর্শিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাবিবুল আলম। সম্মেলনে চন্দন দেব রায়কে সভাপতি এবং জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট জেলা সংসদ কমিটি গঠন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।গুণীজন সংবর্ধনাব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে প্রকাশিত পাক্ষিক সকালের সূর্য পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার ১১ জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন সাংসদ মোহাম্মদ শাহ আলম, সেলিম মাস্টার, ইদ্রিছ ভূইয়া, অধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, আনিসুর রহমান ভূইয়া, আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম, সামসুল আলম, মফিজ উদ্দিন আহমেদ, মুখলেছুর রহমান ও প্রাতিষ্ঠানিকভাবে কসবা প্রেসক্লাব। এতে সভাপতিত্ব করেন সাবেক সচিব আজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ শাহ আলম। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।বৃদ্ধের মৃত্যুচট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত মো. নুরুজ্জামান (৫০) গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছেন। পুলিশ জানায়, ২২ মে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নুরুজ্জামান, তাঁর স্ত্রী রিজিয়া বেগম ও মেয়ের জামাই আবুল কালাম আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে নুরুজ্জামানের মৃত্যু হয়। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।