সংক্ষেপে সারা দেশ
১৫০০ মুরগি ছাই ফরিদপুরে একটি মুরগির খামারে অগ্নিকাণ্ডে এক হাজার ৫০০ মুরগি পুড়ে গেছে। গত রোববার রাতে সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের ইসমাইল ব্যাপারির ডাঙ্গি গ্রামের খায়রুল পোলট্রি খামারে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, রাত আড়াইটার দিকে ওই খামারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। খামারের মালিক মুরাদ দাবি করেন, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফরিদপুর অফিসআটক ২টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে বাবু হোসেন ও শরীফ মিয়া নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ওই দুই ব্যক্তি উপজেলা সদরের বাইমহাটী গ্রাম থেকে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি করে ভ্যানযোগে নিয়ে যাচ্ছিল। পথে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।মানববন্ধননেত্রকোনার পূর্বধলা উপজেলায় শিক্ষা জাতীয়করণসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছে উপজেলা শিক্ষক সমিতি। গতকাল সোমবার দুপুরে উপজেলা সদর বাজারে আয়োজিত ওই কর্মসূচিতে উপজেলার শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিক্লাস-পরীক্ষা শুরুসিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা ১৬ দিনের গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। দাপ্তরিক কাজ গত রোববার থেকে শুরু হয়েছে। ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও মেসে ফিরতে শুরু করেছেন। গত ২২ মে থেকে ওই ছুটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি