সংক্ষেপে সারা দেশ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবদুল লতিফ শিকদার। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও তিনজন। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা সবাই প্রার্থিতা প্রত্যাহার করে নেন। গত মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজামউদ্দীন আহমেদ তাঁকে নির্বাচিত বলে ঘোষণা দেন। ফরিদপুর অফিস।গলা টিপে হত্যাবগুড়া সদরের ধাওয়াকোলা তালতলা এলাকার করতোয়া নদী থেকে গতকাল বুধবার অজ্ঞাতপরিচয় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।গ্রেপ্তার ছয়বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গত মঙ্গলবার মিয়ানমারের ছয় নাগরিককে কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন বাদশা মিয়া, নূর কামাল, নূর আহসান, ফয়েজ আহমদ, ধলু বেগম ও জয়নাব বিবি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।মা ও ছেলে গ্রেপ্তার খুলনার কয়রা উপজেলায় শিশু মনিরা খাতুন (৪) হত্যা মামলার ঘটনায় মা ও ছেলেকে গত মঙ্গলবার যশোরের অভয়নগর উপজেলার ভাটিয়াপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মান্দারী বেগম ও আবদুল গাজি। গত ১৬ ফেব্রুয়ারি মনিরার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মনিরার মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। কয়রা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান তাঁদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন। খুলনা অফিস।আজ নির্বাচন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ বৃহস্পতিবার। ইউনিয়নগুলো হলো—নাসিরনগর সদর, পূর্বভাগ, কুণ্ডা, হরিপুর, গুনিয়াউক, গোকর্ণ, গোয়ালনগর, ফান্দাউক, ধরমণ্ডল, চাতলপাড়, চাপরতলা, বুড়িশ্বর ও ভলাকুট। এসব ইউনিয়নের ১২৩টি কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।অবশেষে মুড়িময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের শুরুতে প্রার্থীরা সমর্থকদের আপ্যায়ন করতেন জিলাপি ও গজা দিয়ে। নির্বাচনের মাঝামাঝি সময় এসে গ্রাম্য বাজারের দোকানদারেরা জিলাপি ও গজা চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে পারছেন না। তাই জিলাপি ও গজার বদলে মুড়ি দিয়ে আপ্যায়ন করছেন প্রার্থীরা। এ সুযোগে মুড়ির দামও বেড়ে গেছে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।