সংক্ষেপে সারা দেশ
জরিমানানির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও সমাবেশ করায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান পদপ্রার্থীকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, গত শনিবার রাতে বিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহির উদ্দিন ও মো. আবদুল লতিফকে এ জরিমানা করা হয়। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।পুনঃ তফসিল ঘোষণা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ঘোষণা অনুযায়ী আগামী ১০ জুলাই এই ইউপিতে ভোট গ্রহণ করা হবে। চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্য পদপ্রার্থীরা আগামী বুধবার পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৭ জুন ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ জুন। হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি।আটকের পর টাকা দিয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী মো. হুমায়ুন কবিরকে গত শনিবার রাত ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। পরে মুচলেকা নিয়ে গভীর রাতে উপজেলা নিবাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গতকাল রোববার ওই ইউপিতে ভোট নেওয়া হয়। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।