সংক্ষেপে সারা দেশ
দশম বর্ষপূর্তিদেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান নগর হোমসের দশম বর্ষপূর্তি উপলক্ষে ১৪ জুন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বনানীতে নগর গ্রুপের করপোরেট কার্যালয় মনোরমভাবে সাজানো হয়। সারা দিন চলে গ্রাহক, জমির মালিক, ব্যবসায়িক সহযোগী ও শুভানুধ্যায়ীদের আনাগোনা। অনুষ্ঠানে অতিথি আপ্যায়ন ছাড়াও সবাইকে কোম্পানির পণ্য সম্পর্কে অবহিত করা হয়। এ ছাড়া জোহরের নামাজের পর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।মাতৃত্বকালীন ভাতাফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ৯০ জন দরিদ্র মাকে গতকাল বৃহস্পতিবার মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর আহম্মদ। উপজেলা কমপ্লেক্সে তাঁদের হাতে মোট এক লাখ ৮৯ হাজার টাকা মাতৃত্বকালীন ভাতা তুলে দেওয়া হয়। মহিলাবিষয়ক অধিদপ্তর ছাগলনাইয়ার উদ্যোগে এ ভাতা দেওয়া হয়। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু আহম্মদ ভুঁইয়া ও সাংবাদিক বকুল আকতার উপস্থিত ছিলেন। ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি।ইউপি সচিব আহতরাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ধনবিন্দু চাকমা ছুরিকাঘাতে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার ধনবিন্দু চাকমার নিজ বাড়ি তুলাবান গ্রামে দুর্বৃত্তরা তাঁর পেটে ছুরিকাঘাত করে। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। থানার এসআই মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি।ইয়াবাসহ গ্রেপ্তারকক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই হাজার ২০০ ইয়াবা বড়িসহ নজির আহমদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার উপজেলার খারাংখালী বাজার থেকে রিকশাযোগে মৌলভীবাজারে যাওয়ার সময় নজিরের দেহে তল্লাশি চালিয়ে এসব বড়ি উদ্ধার করা হয়। থানার ওসি মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।উদ্বোধনস্কাউটিং শিশুদের সুশৃঙ্খল হওয়ার শিক্ষা দেয়। স্কাউটিং শিশুদের নেতৃত্বদানের ক্ষমতা বাড়ায়। গত বুধবার কক্সবাজারের রামু উপজেলার খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে তিন দিনব্যাপী উপজেলা কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ লুৎফুর রহমান এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হক। রামু (কক্সবাজার) প্রতিনিধি।