সংক্ষেপে সারা দেশ
স্বামী-স্ত্রীর কারাদণ্ডরাজশাহীর চারঘাট উপজেলায় মাদক ব্যবসার দায়ে স্বামী-স্ত্রীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই আদালতের বিচারক চারঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম বজলুর রশিদ বলেন, মিঞাপুর গ্রামের আবদুস সাত্তার ও তাঁর স্ত্রী মাতুরা বেগম প্রকাশ্যে তাড়ি বিক্রি করেন—এমন অভিযোগ পেয়ে গত বুধবার বিকেলে তাঁদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে তাঁদের গ্রেপ্তার করে আবদুস সাত্তারকে তিন মাস ও তাঁর স্ত্রীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।সমাবেশধরলা নদীর ভাঙন থেকে কুড়িগ্রামের সদর উপজেলার ঐতিহ্যবাহী মোগলবাসা উচ্চবিদ্যালয়টি রক্ষার দাবিতে গতকাল বৃহস্পতিবার সমাবেশ হয়েছে। সকাল ১০টার দিকে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন মোগলবাসা বাজারে ওই সমাবেশ করেন। এতে বক্তব্য দেন মোগলবাসা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এনামুল হক, সাবেক চেয়ারম্যান বাবুল আখতার, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী প্রমুখ। বক্তারা বিদ্যালয়টি রক্ষার জন্য নদীভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম।অস্ত্র উদ্ধারকক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে দেশি একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ওই দিন রাতে কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলার দরগাহঘোনা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ওই অস্ত্রটি উদ্ধার করে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি।