সংক্ষেপে সারা দেশ
সহায়তা কার্ডসিরাজগঞ্জে কর্মজীবী দুগ্ধদায়ী মা (লেকটেটিং মাদার) সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ৫৫০ জন মাকে সহায়তা কার্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত জেলা সদরের পৌরশহর এলাকার শহীদ এম মনসুর আলী মিলনায়তনে গতকাল মঙ্গলবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এই কার্ডধারী প্রত্যেক মা প্রতি মাসে ৩৫০ টাকা করে দুই বছর ভাতা পাবেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।বই ও সনদ প্রদানযশোরে এক সংবর্ধনা অনুষ্ঠানে ২০১১ সালের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০ অদম্য মেধাবীর প্রত্যেককে এক সেট করে উচ্চমাধ্যমিক (এইচএসসি) শ্রেণীর বই ও সনদ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে সচেতন নাগরিক কমিটির (সনাক) যশোর শাখা। এতে সভাপতি ছিলেন সনাকের আহ্বায়ক অধ্যাপক মুস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ। যশোর অফিস।কারাদণ্ড ও জরিমানানেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে জাল ভোট প্রদান ও আচরণবিধি ভঙ্গের দায়ে এক ব্যক্তির ছয় মাসের কারাদণ্ড ও চেয়ারম্যান পদপ্রার্থী তিন ব্যক্তিসহ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক দুই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মোহাম্মদ নাছির উল্লাহ খান ও মো. সামছুল হক এসব রায় দেন। জাল ভোট দেওয়ার দায়ে আমিনুল ইসলামের ছয় মাসের সাজা হয়। এ ছাড়া বোরহান উদ্দিন, ছোটন মিয়া, জহিরুল আলম ভূঁইয়া, লুৎফুর রহমান ভূঁইয়াসহ দুই মোটরসাইকেল আরোহীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের দুই হাকিম। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।