সংক্ষেপে সারা দেশ
সম্মেলনরাজশাহীতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। গতকাল শুক্রবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কাজে সংসদ সদস্যদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদ জানাতেই আজকের সম্মেলন। এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, নওগাঁ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, নওগাঁর পত্নীতলা উপজেলা চেয়ারম্যান মরিয়ম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।কুপিয়ে জখম চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি বেসরকারি বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তা জাহেদুল হককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে সান ফ্লাওয়ার ইনস্যুরেন্স কোম্পানির স্থানীয় কার্যালয়ে জাহেদুলের ওপর হামলা করেন একই প্রতিষ্ঠানের মাঠপর্যায়ের কর্মকর্তা এরশাদুর রহমান। জাহেদুলকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার ছনহরা ইউনিয়নে। থানার এসআই মোহাম্মদ লোকমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।নতুন বাসনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের দেওয়া একটি নতুন বাসের গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে ৫২ আসনের ওই বাসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম সাঈদুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত পরিবহন কর্মকর্তা রবিউল হাসান বলেন, নতুন এ বাসটি চালু হওয়ায় শিক্ষার্থীদের চলমান পরিবহনসংকট অনেকটা কমবে। নোয়াখালী অফিস।শিক্ষকের সাজামাদারীপুরের কালকিনি উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সাইমুম কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক মিজানুর রহমানকে আটক করে সাজা দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মিজানুরকে আটক করা হয় এবং পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তিনি ওই ছাত্রীকে কুরুচিপূর্ণ এসএমএস পাঠাতেন বলে অভিযোগ পাওয়া গেছে। থানার ওসি এ কে এম শাহীন মণ্ডল বলেন, উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে মুচলেকা আদায় করে শিক্ষক মিজানুরকে ছেড়ে দেওয়া হয়েছে। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।জাল নোটসহ গ্রেপ্তার টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জাল টাকার নোটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার আড়াইপাড়া গ্রামের আবদুস ছবুরের দ্বিতীয় স্ত্রী রোকসানা আক্তার ও তাঁর প্রথম স্ত্রীর মেয়ে শুকুরী আক্তারকে গ্রেপ্তার করা হয়। থানার ওসি মোজাম্মেল হক বলেন, শুকুরীর কাছ থেকে ৫০০ টাকার তিনটি জাল নোট পাওয়া গেছে। এ ব্যাপারে মামলা হয়েছে। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।