সংক্ষেপে সারা দেশ
বন্দীর মৃত্যুচুয়াডাঙ্গায় উত্তম কুমার হালদার (৩০) নামের এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে স্থানীয় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ায়। জেলা কারাগারের তত্ত্বাবধায়ক গোলাম হোসেন বলেন, একটি মাদক মামলায় গত ২৪ জুন থেকে কারাবন্দী উত্তম আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি মাদকাসক্ত ছিলেন। সদর হাসপাতালের চিকিৎসক এহসানুল হক বলেন, অ্যাকুইট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম রোগে আক্রান্ত উত্তম হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।দুই চোর আটক সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সন্দেহে মিন্টু আহমদ ও কাওসার আহমদ নামের দুই যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার ও আগের দিন শুক্রবার দুটি চোরাই মোটরসাইকেলসহ তাঁদের আটক করে পুলিশ। মিন্টুর বাড়ি পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শতপুর গ্রামে। তাঁকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে চুরির কথা স্বীকার করেছেন মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের বাসিন্দা কাওসার। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক। বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি।