সংক্ষেপে সারা দেশ
মানববন্ধননিরাপদ সড়কের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের আমিরাবাদ এলাকায় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে অংশ নেয় আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয় ও মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক ও এলাকাবাসী। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে ঝালকাঠি-বরিশাল সড়কের আমিরাবাদ স্কুলের সামনে গতিরোধক নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান শিক্ষকেরা। ঝালকাঠি প্রতিনিধি।অনুদান ফরিদপুরে পল্লিকবি জসীমউদ্দীন রচিত ‘আসমানী’ কবিতার কেন্দ্রীয় চরিত্র আসমানীসহ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে আসমানীর হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। এ ছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার স্বেচ্ছাধীন তহবিল থেকে আরও ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট তিন লাখ ৮৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। একই অনুষ্ঠানে ফরিদপুর সদর ব্যতীত অন্যান্য উপজেলার দুস্থ সংস্কৃতিকর্মী ও প্রতিষ্ঠানকে কল্যাণ ভাতা ও অনুদান হিসেবে এক লাখ ৩২ হাজার ২০০ টাকা দেওয়া হয়। ফরিদপুর অফিস।চুরিখুলনার রূপসা উপজেলায় একটি গয়নার দোকানের দেয়াল ভেঙে প্রায় তিন লাখ টাকার সোনা-রুপা চুরি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের কালীবাড়ি বাজারের এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নূর ইসলাম বলেন, ওই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। খুলনা অফিস।বৃক্ষমেলা শুরুকক্সবাজারের মহেশখালীতে তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন। এ সময় উপজেলা চেয়ারম্যানসহ বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আহমদ প্রমুখ। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি।শপথ কুমিল্লা জেলার দেবীদ্বার, সদর দক্ষিণ, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলার নবনির্বাচিত ৪৪ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শপথ নিয়েছেন। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ বারী সম্মেলন কক্ষে তাঁদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। ওই সময়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক। পরে বিকেলে ইউএনওরা নিজ উপজেলা কমপ্লেক্স কার্যালয়ে সংশ্লিষ্ট সদস্যদের শপথ পাঠ করান। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।