সংক্ষেপে সারা দেশ
আহত ৪মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চার সদস্য আহত হয়েছে। পৌরসভার বারইগ্রাম এলাকায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুল জলিলের বাড়িতে গতকাল বুধবার সকালে ওই হামলা হয়। এতে গুরুতর আহত আবদুল জলিল ও তাঁর ছেলে শাহীন আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আরও আহত হন আবদুল জলিলের স্ত্রী আফিয়া খানম ও ভাগনে শাকিল আহমদ। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান। মৌলভীবাজার প্রতিনিধি।মানববন্ধনসন্ত্রাসী কার্যকলাপ ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। স্থানীয় প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার দুপুরে এ মানববন্ধন হয়। এতে কলেজের দর্শন বিভাগের শিক্ষক লাঞ্ছনাকারী ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার, কলেজের প্রশাসনিক ভবন ও দর্শন বিভাগের দরজা-জানালা, আসবাবপত্র ভাঙচুরে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণ আদায়ের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য দেন কলেজের ছাত্র জগদীশ দাশ, বিশ্বজিৎ চক্রবর্তী ও জহির খান। মৌলভীবাজার প্রতিনিধি।গ্রেপ্তার ৩মৌলভীবাজার শহরের একটি স্বর্ণালংকারের দোকানে চুরির ঘটনায় জড়িত শরিফ ইসলাম, শাহ আলম পাটোয়ারী ও ফোরকান ফকির নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ঢাকার কেরানীগঞ্জ থেকে শরিফ ও চাঁদপুর থেকে শাহ আলম এবং ফোরকান ফকিরকে গত মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ৩০ ভরি ছয়আনা পরিমাণ স্বর্ণ, নগদ এক লাখ ১৮ হাজার ৭০০ টাকা ও ছয়টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি।ছয় ইউনিট বন্ধহবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের মোট নয়টি ইউনিটের মধ্যে ছয়টিই বর্তমানে বন্ধ রয়েছে। সর্বশেষ ইউনিটটি গত শনিবার বিকল হয়ে পড়ে। ফলে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শাহজীবাজার গ্যাস টারবাইন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ধূর্জটিপ্রসাদ সেন প্রথম আলোকে বলেন, তাঁরা সর্বশেষ বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি চালানোর চেষ্টা করছেন। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।জরিমানাকিশোরগঞ্জ শহরের বড় বাজার ও কাচারীবাজারে গত মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। দোকানে নিষিদ্ধ পলিথিন রাখা, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করা এবং পণ্যের গায়ে দাম উল্লেখ না থাকার দায়ে ওই ব্যবসায়ীদের জরিমানা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।