সংক্ষেপে সারা দেশ
গোপন বৈঠক থেকেরাজশাহীতে ধর্মভিত্তিক সংগঠন হিজবুত তওহীদের চার সদস্যকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গতকাল শনিবার ভোরে নগরের বাজে বাজলা এলাকার একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় মানিক, আশরাফ আলী, আসলাম আলী ও সুজন নামের চারজনকে জিহাদি বই, প্রচারপত্র, সিডিসহ গ্রেপ্তার করা হয়। তাঁরা হিজবুত তওহীদের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।ইয়াবাসহ গ্রেপ্তার ২কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া তল্লাশি চৌকিতে গতকাল শনিবার পৃথক দুটি অভিযান চালিয়ে এক হাজার ৭২৮টি ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার হওয়া দুই যুবকের নাম মোহাম্মদ হোসেন ও হেলাল উদ্দিন। তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন, এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।ত্রিবার্ষিক নির্বাচনমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির (বামযুকস) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে অনুষ্ঠিত ওই নির্বাচনে নিখিল কুমার সিংহ সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বৃহত্তর সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বামযুকসের ১৩টি আঞ্চলিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ৫২ জন কাউন্সিলর ভোট দেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।শিক্ষার্থীদের সংবর্ধনামৌলভীবাজারের কমলগঞ্জ্রউপজেলার আলীনগর চা-বাগান থেকে চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা চা-শ্রমিকদের সন্তান। গত শুক্রবার বিকেলে স্থানীয় নাচঘর প্রাঙ্গণে দিপালী সংঘের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিপালী সংঘের সভাপতি বিপুল গোস্বামী। এতে প্রধান অতিথি ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন আলীনগর চা-বাগানের সহকারী ব্যবস্থাপক অনুপ চাকমা, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরী প্রমুখ। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।ডাকাত গ্রেপ্তারনরসিংদীর শিবপুর উপজেলায় আন্তজেলা ডাকাত দলের সদস্য আমিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার যোশর ইউনিয়নের লালখারটেক এলাকার রিফাত মিয়ার বাড়িতে ডাকাতি করার সময় স্থানীয় জনতা ওই ডাকাতকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আমিন মিয়া একই জেলার রায়পুরা উপজেলার দড়িবালুয়াকান্দি গ্রামের আতশ আলীর ছেলে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নরসিংদী প্রতিনিধি।