সংক্ষেপে সারা দেশ
১৮ নাগরিক আটকঅবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানেরা গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে মিয়ানমারের ১৮ নাগরিককে আটক করে। এর মধ্যে ১১ জন পুরুষ, দুজন নারী ও পাঁচজন শিশু। বিজিবির সূত্র জানায়, টেকনাফ পৌর এলাকার জালিয়া পাড়াসংলগ্ন নাফ নদী এলাকা থেকে ১১ জন এবং হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে সাতজনকে আটক করা হয়। ৪২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল জাহিদ হাসান জানান, পরে তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।মানববন্ধনসুনামগঞ্জে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সমাবেশে সরকারদলীয় ক্যাডারদের হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের শহীদ মিনারের সামনে ওই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রহমান মিজান, সদস্য-সচিব এনাম আহমদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নরেন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রুহুল হুদা কনক প্রমুখ। বক্তারা হামলার সঙ্গে জড়িদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সুনামগঞ্জ প্রতিনিধি।সড়ক দুর্ঘটনাকিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের চরিয়াকোন এলাকায় গতকাল মঙ্গলবার একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় সোহাগ (২৫) নামের এক সাইকেল আরোহী প্রথমে গুরুতর আহত হন। পরে ভাগলপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর বাড়ি কটিয়াদী উপজেলার চান্দুপুর ইউনিয়নের ভাঙ্গাদি গ্রামে। কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবদুস সালাম বলেন, বিষয়টি আমার জানা নেই। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।লাশ উদ্ধারময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কের আমোদাবাদ গ্রামের একটি ডোবায় লাশটি ভাসতে দেখে গ্রামের লোকজন পুলিশে খবর দেয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লোকটির পরনে লুঙ্গি ও কমলা রঙের ফুলহাতা জামা রয়েছে। পুলিশ এ ঘটনায় আইনগত প্রক্রিয়া নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।বজ্রপাতে শিশুর মৃত্যুফেনীর সোনাগাজী উপজেলায় গতকাল মঙ্গলবার বজ্রপাতে আবদুর রহিম (১১) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার চর দরবেশ ইউনিয়নের আদর্শ গ্রামের গোলাম মাওলার ছেলে। এলাকাবাসী জানান, আবদুর রহিম ও তার ভাই লোকমান (১৩) গতকাল দুপুরে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে আহত হয়। তাদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রহিমকে মৃত ঘোষণা করেন। তবে আহত লোকমানের অবস্থা গুরুতর নয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সারওয়ার জাহান। নিজস্ব প্রতিবেদক, ফেনী।