সংক্ষেপে সারা দেশ
৩৭ প্রতিবন্ধীকে৩৭ জন প্রতিবন্ধীর মধ্যে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ মূক ও বধির প্রতিবন্ধী উন্নয়ন ও কল্যাণ সংস্থা। ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে গতকাল এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কল্যাণ সংস্থার সভাপতি শামসুল ইসলাম বলেন, নয়জন প্রতিবন্ধীকে ছাগল, চারজনকে মুরগি, চারজনকে গাছ, নয়জনকে শাড়ি, পাঁচজনকে লুঙ্গি ও ছয় প্রতিবন্ধী ছাত্রকে বই কিনতে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। ফরিদপুর অফিস। ডাকাতিব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর গ্রামে গতকাল শুক্রবার ভোরে সংখ্যালঘু দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। ওই গ্রামের ফারুক মিয়া নামের এক যুবক ধারালো ছুরির ভয়ভীতি দেখিয়ে তিন ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহকর্ত্রী বেলা রানী গতকাল ফারুকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। থানার পরিদর্শক (তদন্ত) নেয়ামুতুল করিম পাটোয়ারী বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।বিকল্প চকলেট ফরিদপুরে বেশ কিছুদিন ধরে এক টাকা মূল্যমানের কয়েন বা নোটের তীব্র সংকট বিরাজ করছে। এ কারণে পান-বিড়ির দোকান থেকে শুরু করে ছোটখাটো ব্যবসায়ীরা বিকল্প হিসেবে দিচ্ছেন চকলেট। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সোনালী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে এক টাকার মূল্যমানের টাকা বা কয়েন চেয়ে রিকুইজিশন দেওয়া হয়েছে। ফরিদপুর অফিস।আটকের পর ফেরত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর সীমান্তের পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকা বিকল হয়ে বাংলাদেশে ঢুকে পড়া ভারতের ১২ নাগরিককে আটকের পর ফেরত দেওয়া হয়েছে। বিএসএফের সঙ্গে এক পতাকা বৈঠক শেষে গত বৃহস্পতিবার রাতে তাঁদের হস্তান্তর করে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।কাঁচা মরিচ উধাও!সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাটবাজারে রোজা শুরুর দুই দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। গতকাল শুক্রবার কাঁচাবাজার ঘুরে কয়েকটি বড় দোকানে কেবল কাঁচা মরিচ পাওয়া যায়। কিন্তু প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রভাষক মঞ্জুর আহমদ বলেন, ‘বাজারে কাঁচা মরিচ কিনতে এসেছিলাম। কিন্তু এসে দেখি, বাজারে কাঁচা মরিচ নেই। যে কয়টাতে আছে, সেখানে দাম শুনে চোখ ছানাবড়া!’ গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।৩৩ বছর পর...সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৩৩ বছরের পরিত্যক্ত পুকুরকে সংস্কার করে মৎস্য খামারে পরিণত করা হয়েছে। এই পুকুরে গত বৃহস্পতিবার রুই, কাতলা, বাউশ ও মৃগেল মাছের দুই হাজারেরও বেশি পোনা অবমুক্ত করা হয়। থানার ওসি মো. ইউনুছ বলেন, দীর্ঘদিন পুকুরটি পরিত্যক্ত ছিল। সংস্কার শেষে স্থানীয় মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন স্থান থেকে পোনা সংগ্রহ করে তা অবমুক্ত করা হয়েছে। গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।