সংক্ষেপে সারা দেশ
ফেনসিডিলসহ গ্রেপ্তার ২বাগেরহাটে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে গতকাল বুধবার ও গত মঙ্গলবার ৯৫ বোতল ফেনসিডিল, পাঁচ কেজি গাঁজাসহ হায়াত শেখ ও আবদুল লতিফ নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) শেখ শহীদ বলেন, এ ঘটনায় সদর থানায় তিনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। বাগেরহাট প্রতিনিধি।গ্রেপ্তার ১মাদারীপুরের কালকিনি উপজেলার শীর্ষ সন্ত্রাসী, একাধিক মামলার পলাতক আসামি ও চরদৌলত খান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের ইয়ামিন বেপারীকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) আশফাকুজ্জামান বলেন, উপজেলার সাবেবরামপুর ইউনিয়নের হাচেন আকনের হাট থেকে গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেল-চালক সোহেল রানাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার সোহেলকে আদালতে হাজির করা হবে। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।গুলিসহ পিস্তল উদ্ধারচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার দুটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর বলেন, বিজিবির একটি দল গত মঙ্গলবার রাতে উপজেলার জমিনপুরের ১৭৯/১ এস ও ১৭৯/২ এস সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ ওই পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।কুপিয়ে জখমফেনীর ছাগলনাইয়া শাখার কৃষি ব্যাংকের ক্যাশিয়ার মোস্তফা মজুমদারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ছাগলনাইয়া সরকারি কলেজ রোডের জাহাঙ্গীর প্লাজার সামনে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। মোস্তফার বাড়ি উপজেলার সত্যনগর গ্রামে। তাঁকে চট্টগ্রামের সার্জেসকোপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ছয়-সাতজন লোক জাহাঙ্গীর প্লাজার সামনে মোস্তফাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পরে দুর্বৃত্তরা তিনটি হাতবোমা ফাটিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে চলে যায়। ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি।স্বামীর আত্মহত্যাময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়া সইতে না পেরে গত মঙ্গলবার এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কবিরভুলসোমা গ্রামের মঞ্জু মিয়া (২৫) এক মাস আগে কাঁঠাল গ্রামের মদিনা বেগমকে (২৪) বিয়ে করেন। বিয়ের পর মঞ্জু জানতে পারেন মদিনার সঙ্গে অন্য এক যুবকের সম্পর্ক রয়েছে। ঘটনাটি মঞ্জু পরিবারকে জানান। বিষয়টি সুরাহা না হওয়ায় গত মঙ্গলবার তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।