সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার ১কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দক্ষিণ রেলগেট এলাকা থেকে গত শনিবার রাতে নগদ ৩০ হাজার টাকাসহ মহসীন আলম নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে র্যাবের বড় কর্মকর্তা বলে পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান বলেন, মহসীনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। আদালতের মাধ্যমে গতকাল রোববার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। কুষ্টিয়া অফিস।ফেনিসিডিলসহ ট্রাক আটকদিনাজপুরের হাকিমপুর পৌর এলাকার কবরস্থানের সামনে থেকে এক হাজার ৫৬০ বোতল ফেনিসিডিলসহ একটি ট্রাক আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। ফেনসিডিলের ওপর ভুট্টা বোঝাই করার সময় গত রোববার ভোরে ট্রাকটি আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমিরুল ইসলাম শিকদার। দিনাজপুর অফিস।ইয়াবাসহ গ্রেপ্তার ৩কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী উপকূলীয় এলাকা থেকে গত শনিবার রাতে ৭৫০টি ইয়াবা বড়িসহ রশিদ আহমেদ, নুরুল আলম ও আবদুল হক নামের তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পাচারকারীদের একটি নম্বরবিহীন মোটরসাইকেল আটক করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়াজ মোহাম্মদ বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।অগ্নিকাণ্ডকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ব্রাহ্মণপাড়া বাজারে গতকাল রোববার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট দোকানমালিকেরা দাবি করেছেন। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুর রহমান অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।