সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার ২কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা বাজারের একটি গয়নার দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে শরীফ খান ও মানিক খান নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই হামলার ঘটনায় পাঁচজন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে নারায়ণ বণিক, সজল বণিক ও আরিফ উদ্দিন খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় সাতজনকে আসামি করে মামলা হয়েছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।মাটি খুঁড়ে...মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শমশেরনগর বিমানবন্দর সড়কের বাসিন্দা লুৎফা বেগমের বাসার মেঝের মাটি খুঁড়ে গত শুক্রবার রাতে ৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তার না করায় স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেন। পুলিশের উপপরিদর্শক (এসআই) আয়মুছ আলী বলেন, আগেই খবর পেয়ে পালিয়ে যাওয়ায় লুৎফা বেগমকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলা হয়েছে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।সম্মেলনমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ দুর্গাবাড়ি প্রাঙ্গণে গত শুক্রবার বিকেলে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী বলেন, সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বাদ দিয়ে বাহাত্তরের মূল সংবিধানে ফিরে যেতে হবে। সম্মেলন কমিটির আহ্বায়ক শংকর লাল সাহার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন কুমার রায়, জেলা কমিটির সভাপতি নিহির কান্তি দেব, সাধারণ সম্পাদক পংকজ রায় ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শান্তিপদ ঘোষ। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।