সংক্ষেপে সারা দেশ
আখ রোপণ শুরুনাটোর চিনিকল এলাকায় আগামী ২০১১-১২ মৌসুমের আখ রোপণ শুরু করা হয়েছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম আরশাদ হোসেন গতকাল বুধবার সদর উপজেলার দত্তপাড়া উপঅঞ্চলের (সাব-জোন) করোটায় কৃষক ময়েন উদ্দিন ও শামসুল হকের জমিতে এই আখ রোপণ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. আলী, উপমহাব্যবস্থাপক (বীজ) আবদুল গণি, দত্তপাড়া উপঅঞ্চলের ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন প্রমুখ। নাটোর প্রতিনিধি।লাশ উদ্ধার নাটোরে দীপক দত্ত (৩০) নামের এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার শহরের সঞ্জয় ট্রেডিং নামের একটি দোকানঘর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ওই দোকানের মালিক গোপাল সাহা বলেন, বুধবার সকালে দীপককে দোকানের বারান্দায় দড়িতে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠায়। নাটোর প্রতিনিধি।দুর্ঘটনায় মৃত্যুকিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত মো. ইসহাক মিয়া (৩৫) নামের এক ব্যক্তি গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। ইসহাক শিবপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ইসহাক নিজ বাড়ি থেকে বাইসাইকেলে করে তাড়াইলে যাচ্ছিলেন। রাউতি ও শিমুলাটি গ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছালে তিনি বিপরীত দিক থেকে আসা দুটি টেম্পোর মাঝখানে চাপা পড়েন। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।