সংক্ষেপে সারা দেশ
মানববন্ধননোয়াখালীতে কিন্ডারগার্টেনের শিক্ষকেরা ১১ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। এতে জেলার ৩৫০টি কিন্ডারগার্টেনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ১১ দফা-সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ফারুক ভূঞা, শিক্ষা সম্পাদক গোলাম ফারুক, সদর উপজেলা শাখার সভাপতি মো. রিয়াজ উদ্দিন প্রমুখ। নোয়াখালী অফিসসংঘর্ষফরিদপুরের সদরপুর উপজেলার চর নাসিরপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। তাদের তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর মাস্টার ও সাবেক ইউপি সদস্য বতুম মাতুব্বরের আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয়। ফরিদপুর অফিসযুবক খুননেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রিপন মিয়া (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে উপজেলার মাস্কা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গত রোববার দিবাগত রাতে রিপনকে কুপিয়ে হত্যা করা হয়। কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেন বলেন, রিপনের সঙ্গে প্রতিবেশী বাবুল মিয়া, রাসেল মিয়াসহ কয়েকজনের বিরোধ ছিল। ঘটনার পর থেকে তারা পলাতক। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিদুই সহোদরের মৃত্যুঢাকার সাভারের ভাকুর্তা এলাকায় গতকাল সোমবার সকালে পানিতে ডুবে মারা গেছে দুই ভাই। বাড়ির সবার অলক্ষ্যে পুকুরে মাছ ধরতে গিয়ে তারা মারা যায়। নিহতরা হলো ভাকুর্তা গ্রামের ফজলুল রহমানের ছেলে স্কুলছাত্র রনি (৭) ও রিয়াম (৫)। পারিবারিক সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে দুই ভাই স্কুল থেকে বাড়ি ফেরে। এ সময় তাদের মা বাড়ি ছিলেন না, এই সুযোগে তারা স্কুল ব্যাগ রেখে মাছ ধরতে বাড়ির পাশে পুকুরে গিয়ে নামে। একপর্যায়ে পানিতে ডুবে গেলে প্রতিবেশীরা দেখে তাদের উদ্ধার করেন এবং বাড়িতে গিয়ে খবর দেন। কিন্তু ততক্ষণে দুই ভাই মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহতদের বাবা ফজলুর রহমান দুই ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাভার