সংক্ষেপে সারা দেশ
বোমা উদ্ধারমেহেরপুর সদর উপজেলার উজলপুরের বৈকুণ্ঠপুর গ্রামের একটি মাঠ থেকে গতকাল মঙ্গলবার পরিত্যক্ত অবস্থায় আটটি বোমা উদ্ধার করেছে পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল চারটার দিকে পুলিশ উজলপুরের খয়েরের মাঠে তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি চটের ব্যাগ থেকে পুলিশ বোমাগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, নাশকতা সৃষ্টির জন্য কোনো সন্ত্রাসী সেখানে বোমাগুলো রেখে গেছে। মেহেরপুর প্রতিনিধি।লাশ উদ্ধারকুমিল্লার গোমতী নদী থেকে অজ্ঞাতনামা ১৬ বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে মুরাদনগর থানাসংলগ্ন এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশের গলার বাঁ পাশে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, ধারণা করা হচ্ছে, কেউ মেয়েটিকে হত্যা করে নদীতে লাশ ফেলে গেছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।মদসহ যুবক গ্রেপ্তারনেত্রকোনার সীমান্তবর্তী খালিয়াজুরী উপজেলায় গতকাল মঙ্গলবার ১১৫ বোতল ভারতীয় মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা একটার দিকে উপজেলা সদরের গনি মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই মদের বোতলগুলো উদ্ধার করা হয়। এ সময় গনি মিয়ার ছেলে তানভীরকে (১৮) গ্রেপ্তার করা হয়। খালিয়াজুরী থানার ওস্রিমো. শহীদুল্লাহ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজামালপুর সদর থানার পুলিশ গত সোমবার রাতে শহরের স্টেশন বাজার থেকে মেহেদী হাসান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ তাঁর কাছ থেকে ৩৪ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এগুলোর আনুমানিক মূল্য তিন লাখ ৪০ হাজার টাকা। মেহেদীর বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার দৌলতপুর গ্রামে। জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, মেহেদীকে জেলহাজতে পাঠানো হয়েছে। জামালপুর প্রতিনিধি।কারাদণ্ডমৌলভীবাজারের বড়লেখায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের দায়ে গতকাল মঙ্গলবার এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে বড়লেখা উপজেলা সদরের হাটবন্দ গ্রামের লিপি বেগমের সঙ্গে একই উপজেলার কুতুবনগর গ্রামের আবদুল আহাদ মিজানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আহাদ স্ত্রীর ওপর নির্যাতন করতেন। একপর্যায়ে ২০০৮ সালে লিপি আহাদের বিরুদ্ধে মামলা করেন। মৌলভীবাজার প্রতিনিধি।যুবক গ্রেপ্তারকক্সবাজারের টেকনাফে ৩৩ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার হ্নীলা স্টেশন থেকে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূপুরের নেতৃত্বে এক হাজার টাকার ৩৩টি জাল নোটসহ হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গ্রামের বাসিন্দা মো. আলমকে (৩০) গ্রেপ্তার করা হয়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।