সংক্ষেপে সারা দেশ
চোরের দোয়া কামনা!কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল্লাহ প্রধানের মোবাইল ফোনসেটটি গত শনিবার তাঁর বাসা থেকে চুরি হয়। এর পর থেকে বারবার ফোন করার দুই দিন পর ফোন ধরে চোর। সাইফুল্লাহ প্রধান সেটটি ফেরত চাইলে চোর পাল্টা প্রশ্ন করে, চুরির পর চোর কি জিনিস ফেরত দেয়? তবে অধ্যাপক সাইফুল্লাহ পবিত্র হজ পালন করতে আজ বুধবার সৌদি আরব যাবেন বলে জানালে চোরের মন গলে। সে সেটটি ফেরত দিতে সম্মত হয়। কৃতকর্মের জন্য অধ্যাপকের কাছে ক্ষমা চেয়ে হজে গিয়ে তার জন্য দোয়াও করতে বলে। এরপর চোর কথামতো সেটটি কলেজ ছাত্রাবাসের বরইগাছের নিচে রেখে যায়। সেখান থেকে সাইফুল্লাহ প্রধান ফোনসেটটি উদ্ধার করেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জকেউ আসেননিফেনীর সোনাগাজী উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে গত সোমবার সন্ধ্যায় ক্লাবের সাবেক সদস্য সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহ, ব্র্যাক কর্মকর্তা সায়েম সরকার, নাভানার প্রকৌশলী মাসুদুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপকসহ পাঁচ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ক্লাবের বর্তমান সদস্যরা যথাসময়ে ক্লাব মিলনায়তনে উপস্থিত হন। কিন্তু যাঁদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়, তাঁরা কেউ সভায় উপস্থিত হননি। তাই নিজেদের তৈরি খাবার নিজেরাই খেয়ে মনে কষ্ট নিয়ে সভাস্থল থেকে ফিরে যান বর্তমান সদস্যরা। নিজস্ব প্রতিবেদক, ফেনী