সংক্ষেপে সারা দেশ
আগ্নেয়াস্ত্র উদ্ধারখাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় গত সোমবার সেনাবাহিনী অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের অ্যাডজুট্যান্ট লেফটেন্যান্ট সাইফ সাজ্জাদ খান জানান, কয়েকজন দুষ্কৃতকারী অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য সোমবার রাতে উপজেলার দুর্গম যতীন্দ্র কার্বারিপাড়া এলাকায় বৈঠক করছিল। এ সময় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুটি দেশীয় বন্দুক, দুটি গুলি, একটি চাপাতি ও কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে সেনা উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা সেখান থেকে পালিয়ে যায়। মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি।মানববন্ধনশিক্ষার বাণিজ্যিকীকরণের প্রতিবাদে গতকাল বুধবার সকালে বাগেরহাট সরকারি পিসি কলেজ চত্বরে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাগেরহাট জেলা সংসদ। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু তোয়াব, বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক সৌরভ সাহা, যুগ্ম আহ্বায়ক অলোক পাল উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শিক্ষা উপকরণের দাম কমানো ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০ বছর মেয়াদি কৌশলপত্র বাতিলসহ শিক্ষার নানামুখী সংকট নিরসনের দাবি জানান। বাগেরহাট প্রতিনিধি।কারাদণ্ডমাদক বহনের দায়ে ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার পশ্চিম হাশামদিয়া মহল্লার শেখ হান্নান (৩০) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে পৌর এলাকার পশ্চিম হাশামদিয়া মহল্লা থেকে ২৫ পুরিয়া গাঁজাসহ হান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হান্নানকে ওই দণ্ড দেওয়া হয়। ফরিদপুর অফিস।