সংক্ষেপে সারা দেশ
অস্ত্র ও গুলি উদ্ধার নাটোরে একটি বিদেশি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শহরের কান্দিভিটা মহল্লার ইয়াহিয়া চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে গত শনিবার রাতে ওই অভিযান চালায় র্যাব-৫। এ সময় অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হন। সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে জিডি হয়েছে। নাটোর প্রতিনিধি।বিএনপি নেতা গ্রেপ্তার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। পৌর শহরের বাজার এলাকা থেকে গতকাল দুপুরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বলেন, রোডমার্চ উপলক্ষে নাশকতার প্রস্তুতি গ্রহণের অভিযোগে হেলাল সরকারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।গুড়ের বদলে সবজিমেহেরপুর কারাগারে এখন থেকে বন্দীদের সকালের নাশতায় গুড়ের বদলে সবজি দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল রোববার মেহেরপুর জেলা কারাগার উদ্বোধনকালে জেলা প্রশাসক সাহান আরা বানুর বক্তব্যের জবাবে এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, বন্দীদের খাবারের মান উন্নয়নে এ উদ্যোগ নেওয়া হবে। তাদের প্রতি মানবিক আচরণ ও তাদের অধিকার নিশ্চিত করতে হবে। কেননা কারাগার শাস্তির জায়গা নয়, সংশোধনাগার। মেহেরপুর প্রতিনিধি।উচ্ছেদফরিদপুর শহরে অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম তারিকুল আলম। এ সময় ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে ২৭টি, শামসুল উলুম মাদ্রাসার সামনে থেকে দুটি, ভাঙা রাস্তার মোড় থেকে তিনটি ও লাক্সারি হোটেলের সামনে থেকে একটিসহ মোট ৩৩টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ফরিদপুর অফিস।ব্যস্ততার নমুনাফরিদপুরের গোলপুকুর ড্রিম এলাকায় একটি অনুষ্ঠানে গতকাল রোববার নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর উপস্থিত হন প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার ব্যস্ততার নমুনা তো আপনারা দেখলেন। এক ঘণ্টা দেরি করে এসেছি। আমি যে চাকরি করছি তা চৌকিদারের চাকরির চেয়েও খারাপ।’ বিলম্বের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, ‘আমার দাম বাড়ানোর জন্য দেরি কইরা আসি নাই। অনিবার্য কারণে, আগে অনেক কাজ কইরাই আমাকে আসতে হইছে।’ ইস্টার্ন ব্যাংক লিমিটেডের নতুন একটি শাখা উদ্বোধন করতে বেলা ১১টায় অনুষ্ঠানস্থলে যাওয়ার কথা ছিল মন্ত্রীর। ফরিদপুর অফিস।মানববন্ধনময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন করেছেন। উপজেলা পরিষদের সামনে গতকাল রোববার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট ৩২টি বিদ্যালয়ের শিক্ষকেরা। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সভায় মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন মো. সাইফুল ইসলাম তালুকদার. আহম্মদ আলী, মো. শহিদুল্লাহ, আজমুল হক, রোকসানা বেগম প্রমুখ। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।মানববন্ধনবিদ্যালয় ও শিক্ষকদের চাকরি জাতীয়করণ এবং বেতনবৈষম্য নিরসনের দাবিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন করেছেন। উপজেলা সদরে গতকাল রোববার অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট ৫৬টি বিদ্যালয়ের শিক্ষকেরা। এরপর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হমিদ মিয়ার মাধ্যমে স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুস সালাম বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।স্মরণসভাসুনামগঞ্জে শিখা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আবুল হুসেনের ৭৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের পৌর বিপণিতে গত শনিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্য পত্রিকা প্রতিস্বর। প্রতিস্বর-এর চলতি সংখ্যাটি আবুল হুসেনকে উৎসর্গ করা হয়েছে। পত্রিকাটির সম্পাদক এনামুল কবীরের সভাপতিত্বে ও কবি শামস শামীমের সঞ্চালনায় স্মরণসভায় স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষকেরা অংশ নেন। এ সময় আলোচনায় অংশ নেন কবি ইকবাল কাগজী, কুমার সৌরভ, সংস্কৃতিকর্মী কল্লোল তালুকদার, নেসার সহীদ, মোস্তফা আহমদ, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, কবি আলফ্রেড আমেন, রাজীব চৌধুরী, ছাত্রনেতা নরেন ভট্টাচার্য প্রমুখ। সুনামগঞ্জ অফিস।আটক ২সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় একটি ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ফয়সল ও কাজী শামছুদ্দিন নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ফেঞ্চুগঞ্জ সার কারখানার আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গতকাল রোববার ভোরে তাদের আটক করা হয়। ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি।বিষপ্রয়োগে মৎস্যনিধনমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মনু নদে বিষপ্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার শরীফপুর ইউনিয়নে গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। গতকাল রোববার ভোর থেকে মনু নদে ভেসে উঠতে থাকে ছোট-বড় অসংখ্য মাছ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে তিনি অবগত নন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।