সংক্ষেপে সারা দেশ
দুই কর্মী গ্রেপ্তাররাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের পাশের কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কর্মীরা হলেন, একই বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম (২২) ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর (বাণিজ্য বিভাগ) ছাত্র সাজেদুর রহমান (২০)। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।বিনা মূল্যে চাল বিতরণচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ২০০ গরিব ও দুস্থ পরিবারের মধ্যে গতকাল শনিবার পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গরিব ও দুস্থ মানুষকে সহায়তা দিতে উপজেলা যুবলীগ বিনা মূল্যে এই চাল বিতরণ করে। এ উপলক্ষে রাঙ্গুনিয়া থানার কাছে সৈয়দবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলা ১১টায় সভা হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক সামসুদ্দোহা সিকদারের সভাপতিত্বে এই সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান সিকদার প্রধান অতিথি ছিলেন। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।চেয়ারম্যান জেলহাজাতেচাঁদপুরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত শুক্রবার রাতে সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহকে গ্রেপ্তার করে পুলিশ। এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া একই ইউনিয়নের সাহাদাত গাজী (২২) ও মামুন গাইন (২৮) নামের দুই যুবককে তিনি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, তিনজনকেই গতকাল শনিবার জেলহাজতে পাঠানো হয়। চাঁদপুর প্রতিনিধি।