সংক্ষেপে সারা দেশ
তিনজন আটককুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বাকি দুজন হলেন ভেড়ামারা উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিয়াবুজ্জামান ও সাথি আবদুল বাতেন। ভেড়ামার থানার ওসি আজম খান জানান. গতকাল বুধবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ভেড়ামারা পৌর কাচারীপাড়া মসজিদে শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছেন। এ সময় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। কুষ্টিয়া অফিস।ঝুলন্ত লাশ উদ্ধারপাবনা পুলিশ লাইন ব্যারাকে গতকাল বুধবার সকালে শরিফুল ইসলাম (২৫) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাইনের অতিরিক্ত পরিদর্শক ইসমাইল হোসেন জানান, শরিফুল রাজশাহী পুলিশ লাইন থেকে গত ১৩ আগস্ট পাবনা পুলিশ লাইনে যোগ দেন। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তাঁকে মুঠোফোনে কথা বলতে দেখা গেছে। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর সহকর্মীরা তাঁকে খুজে পাচ্ছিলেন না। পরে ব্যারাক ভবনের ছাদে পানির ট্যাংকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শরিফুলের লাশ পওয়া যায়। পাবনা অফিস।মানববন্ধনবিনিয়োগ করা টাকা ফেরত পাওয়ার দাবিতে গতকাল বুধবার ইউনিপেটুইউয়ের গ্রাহকেরা ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। সকাল ১০টায় শুরু হওয়া ওই মানববন্ধন চলাকালে ইউনিপেটুইউয়ের বিনিয়োগকারীরা বক্তব্য দেন। বক্তারা বলেন, ‘মা-বাবার পেনশনের টাকা, ভিটেবাড়ি বিক্রি ও পরিবারের গচ্ছিত স্বর্ণালংকার বিক্রি করে ইউনিপেটুইউতে আমরা অর্থ বিনিয়োগ করেছি। অথচ কোম্পানির চেয়ারম্যান শাহীন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির রহমান নানা টালবাহানা ও প্রতারণার আশ্রয় নিয়ে নয় মাস ধরে বিনিয়োগকারীদের মুনাফা তো দূরের কথা, মূলধনও ফেরত দিচ্ছেন না।’ ফরিদপুর অফিস।পানিতে ডুবে মৃত্যুরাঙামাটির জুরাছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদে ডুবে রমণী মোহন চাকমা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার বেলা একটার দিকে কাপ্তাই হ্রদে লাশ ভাসতে দেখে লোকজন ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করেন। জুরাছড়ি থানার ওসি মো. আতাউর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।