সংক্ষেপে সারা দেশ
চেয়ারম্যান নির্বাচিতখুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোল্লা ওহিদুজ্জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন ৫৮০ ভোট কম পেয়েছেন। গত বুধবার ওই ইউপির শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়। সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে এ নির্বাচন বিলম্বিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।সাহায্য বিতরণকুমিল্লায় পাঁচটি দুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সাহায্য বিতরণ করা হয়েছে। শহরের গোয়ালপট্টিতে অবস্থিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কমান্ডার সফিউল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মো. নাসির উদ্দিন আহমেদ। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল সেলাইর মেশিন, ঢেউটিন ক্রয় ও চিকিৎসার খরচ হিসেবে নগদ টাকা প্রভৃতি। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।গ্রেপ্তার ১সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মানিক মিয়া নামের এক ব্যক্তিকে ১৮৫ বোতল বিদেশি মদসহ আটক করা হয়েছে। উপজেলার চারখাই ইউনিয়নের বারইগ্রাম এলাকা থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে। বিয়ানীবাজার থানার এসআই শাব্বির আহমদ বলেন, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মানিক মিয়াকে আটক করা হয়। বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি।দুই শিশুর মৃত্যুসুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ারকাপন গ্রামে গত বুধবার বিকেলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো আজিজুল হকের মেয়ে মহিমা আক্তার (৬) ও ইকরাম আলীর মেয়ে সাইমা আক্তার (৭)। শিশু দুটির পরিবার সূত্র জানায়, বাড়ির সামনের উঠানে খেলাধুলা করছিল মহিমা ও সাইমা। বাড়ির পাশের হেরাচামটি নদীতে তাদের ভাসমান লাশ পাওয়া যায়। দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি নুরুল আবছার খান। দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি।ছয়জন গ্রেপ্তারমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মো. কালু মিয়া, মো. আলম, মো. সাইদুল, রুস্তম মিয়া, রাজা আহম্মদ ও বিপ্লব নামের ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ বলেন, পৃথক স্থানে অভিযান চালিয়ে গত বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া একটি চোরাই গাড়িও উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও গাড়ি চুরির অভিযোগে মামলা রয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।মানববন্ধনসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষি অর্থনীতি বিষয়কে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত করাসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন। নগরের চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সমানে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় এ কর্মসূচির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি এবং ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা। শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। সিলেট প্রতিনিধি।