সংক্ষেপে সারা দেশ
কারাদণ্ডফরিদপুরের ভাঙ্গা উপজেলার কর্ণি গ্রামে বাল্যবিবাহের আয়োজন করায় কনের মা ও বরের ভগ্নিপতিকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, গতকাল শনিবার কর্ণি গ্রামের এক মা তাঁর নাবালিকা মেয়েকে (১২) একই উপজেলার কামারকান্দা গ্রামের মো. বাবুল শেখের শ্যালক জসিম মিয়ার (২২) সঙ্গে বিয়ের আয়োজন করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনের মা ও বরের ভগ্নিপতি বাবুল শেখকে গ্রেপ্তার করে। ফরিদপুর অফিস।সম্মাননা অর্জন চক্ষুবিশেষজ্ঞ বিএমএর মহাসচিব এম এ আজিজ ভারতের মর্যাদাপূর্ণ শ্রীমতী পুষ্প রাণী পাত্তা নায়েক মেমোরিয়াল অ্যাওয়ার্ড-২০১০ লাভ করেছেন। প্রান্তিক দরিদ্র মানুষের চক্ষু সেবায় বিশেষ অবদান রাখায় সম্প্রতি আসামের গুয়াহাটিতে এক আন্তর্জাতিক সম্মেলনে তাঁকে এ সম্মাননা প্রদান করে অ্যাসোসিয়েশন অব কমিউনিটি অফতারমোলজিস্ট অব ইন্ডিয়া (এসিওআইএন)। এম এ আজিজ বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি, বাংলাদেশ কমিউনিটি অফতারমোলজিক্যাল সোসাইটি এবং স্বাচিপের কেন্দ্রীয় নেতা। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়। বিজ্ঞপ্তি।উদ্ধারভারতে পাচারকালে দুই হাজার ৫০০ কুলের চারা উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ তলুইগাছা এলাকা থেকে এসব কুলের চারা উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, পাঁচটি রিকশাভ্যানে করে চারাগুলো ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি জানার পর সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার মন্টু মিয়ার নেতৃত্বে চারাগুলো উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।