সংক্ষেপে সারা দেশ
নেতার বাড়িতে চুরিনারায়ণগঞ্জের ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নানের বাড়িতে গত সোমবার রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা টিনের বেড়া কেটে ঘরে ঢুকে আলমিরা ভেঙে তিন লাখ টাকা, মুঠোফোন ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। আবদুল মান্নান জানান, তিনি ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বসবাস করেন। সোমবার রাতে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে ঘুম থেকে উঠে চুরির বিষয়টি টের পান। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক নাজমুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি।চিত্রাঙ্কন প্রতিযোগিতা মহান বিজয় দিবস সামনে রেখে পঞ্চগড়ের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) কার্যালয় প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় জেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে পঞ্চগড় জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেমউদ্দিন আহাম্মেদ, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পঞ্চগড় প্রতিনিধি।