সংক্ষেপে সারা দেশ
দুই টাকা কেজি!নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রতি কেজি জলপাই এখন মাত্র দুই টাকা দরে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন বিক্রেতারা। জানা গেছে, বাজারে এখন জলপাইসহ শীতকালীন শাকসবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে অন্যান্য শাকসবজির তুলনায় জলপাইয়ের দাম খুবই কম। উপজেলার সান্দিকোনা গ্রামের সাবেক ইউপি সদস্য এখলাছ মিয়া বলেন, ‘গত বুধবার বাজারে ১৮ কেজি জলপাই এনে মাত্র ৪০ টাকায় বিক্রি করেছি। অথচ এগুলো আনতে খরচ হয়েছে ২০ টাকা।’ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।ট্রেনে কাটা পড়েবগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর রেলস্টেশন থেকে ২০০ গজ দূরে দামা নামক জায়গায় গত বৃহস্পতিবার বিকেলে ট্রেনে কাটা পড়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী রত্না আক্তারের (১১) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে আলতাফনগর মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে রত্না যথারীতি বাড়ি ফিরে যায়। বিকেলে ওই স্থানে দিয়ে রেললাইন পার হওয়ার সময় সান্তাহার থেকে বগুড়াগামী ৭৭১ এক্সপ্রেস আপ ট্রেনে কাটা পড়ে সে নিহত হয়। আলতাফনগর স্টেশনমাস্টার আবদুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।লাশ উদ্ধারটাঙ্গাইলের মির্জাপুরে উজ্জল হোসেন (৩০) নামের এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত বুধবার বিকেলে উজ্জল বাড়ি থেকে বের হন। পরে গতকাল বৃহস্পতিবার সকালে গোড়াই নাজিরপাড়া চেয়ারম্যানবাড়ির পেছনের একটি বাগানে তাঁর লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মির্জাপুর থানার দেওহাটা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ধারণা করা হচ্ছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।