সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনসালিসে শাস্তি দেওয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার স্লোগান নিয়ে গতকাল শুক্রবার রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা মানববন্ধন করেছে। সকালে নগরের রানীবাজারের পরিষদ কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরো পয়েন্টে শেষ হয়। পরে সেখানে বেলা সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন করা হয়। এ সময় পরিষদের সহসভাপতি লাইলুন নাহার, সাধারণ সম্পাদক কল্পনা রায় ও সাংগঠনিক সম্পাদক অঞ্জনা সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।শোভাযাত্রানিরাপদ সড়কের দাবিতে সাইকেল শোভাযাত্রা নিয়ে ১১ জন এসএসসি পরীক্ষার্থী গত বৃহস্পতিবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় ভ্রমণ করেছে। তারা সবাই বোয়ালখালীর শ্রীপুর এলাকার জৈষ্ঠপুর রমণী মোহন উচ্চবিদ্যালয় থেকে আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে। পরীক্ষার আগে শিক্ষামূলক আনন্দ ভ্রমণ উপলক্ষে ছাত্ররা এই শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রার নেতৃত্ব দেওয়া মো. ইউনুছ জানায়, নিরাপদ সড়কের প্রচারণা চালাতে গিয়ে তারা সাইকেলে করে প্রায় ৪০০ কিলোমিটার পথ ভ্রমণ করেছে। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।সম্মেলন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়ন যুবদলের সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় শ্যামগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন যুবদল মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আবদুল মান্নান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। সিধুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফায়েজুল ইসলাম, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ খান উপস্থিত ছিলেন। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।