সংক্ষেপে সারা দেশ
ইয়াবাসহ গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি গ্রাম থেকে গত শনিবার রাতে ৯৯টি ইয়াবা বড়িসহ সোহেল ফকির (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুমুরদি গ্রামে ওই যুবকের বাড়ি তল্লাশি করে ইয়াবা বড়িসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ফরিদপুর অফিস। গ্রেপ্তারব্যালট বাক্স ছিনতাই, চাঁদাবাজি, জমি দখলসহ ডজন খানেক মামলার আসামি বাবুল হাওলাদারকে (৪৫) গতকাল রোববার সকালে পটুয়াখালী শহরের কলাতলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পটুয়াখালী র্যাব ক্যাম্পের উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নুর-উজ-জামান জানান, ২০০৩ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে শহরের চরবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই করার অভিযোগে দুমকী থানায় বাবুল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় বাবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পটুয়াখালী অফিস। ভুয়া পরীক্ষার্থী বহিষ্কার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্র থেকে গতকাল রোববার ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় চার ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা উপজেলার মোমিনপুর দারুল হুদা দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী। ওই মাদরাসায় পঞ্চম শ্রেণীতে কোনো ছাত্রছাত্রী না থাকায় ওই চার শিক্ষার্থীকে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিব-উল-ফেরদৌস জানান, ভুয়া পরীক্ষার্থী পাঠানোয় সংশ্লিষ্ট মাদরাসা সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।