সংক্ষেপে সারা দেশ
প্রতারণার অভিযোগেফেনীর পরশুরাম উপজেলায় গত বুধবার প্রতারণার অভিযোগে শিবু চক্রবর্তী (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক অপরাধ বিচিত্রার ফেনী প্রতিনিধি বলে জানা গেছে। পরশুরাম থানার পুলিশ জানায়, শিবু চক্রবর্তীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রভাষক, গোয়েন্দা কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে একাধিক মামলা হয়েছে। একটি প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় শিবু চক্রবর্তীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী। শৌখিন চোর! চোর নাগালের মধ্যে যা পায়, তার সবই চুরি করে। তবে গত বুধবার রাতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চরতালজাঙ্গা গ্রামের বাসিন্দা মো. আজিম উদ্দিনের ঘরে একটি ব্যতিক্রমধর্মী চুরির ঘটনা ঘটেছে। ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে চোর বিভিন্ন জিনিস থাকলেও শুধু গৃহকর্তার দামি ঘড়ি, মুঠোফোন ও সুগন্ধির বোতল চুরি করে। আজিম উদ্দিন বলেন, ‘আমার আমেরিকা প্রবাসী ছেলে ওই ঘড়ি, মুঠোফোন ও সুগন্ধির বোতল পাঠিয়েছিল।’ তালজাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি। কাঠ উদ্ধারচট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বন বিভাগের আওতাধীন সাতকানিয়ার মিঠাদীঘি ও কেরানীহাট এলাকায় গত মঙ্গলবার পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে প্রায় দুই হাজার ঘনফুট শিশুকাঠ উদ্ধার করা হয়েছে। ইটভাটাগুলো হলো: পিবিএম, কেবিএম, এসবিএম, এমবিএম ও এমটিএম। চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা বখতিয়ার নূর সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় এক লাখ টাকা। এ ঘটনায় পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া এই অভিযান অব্যাহত থাকবে। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।