সংক্ষেপে সারা দেশ
মানববন্ধন ‘প্রতিবন্ধীদের সমাজে সম্পৃক্ত করে সবার জন্য সুন্দর পৃথিবী গড়ি’ স্লোগান সামনে রেখে গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি মানববন্ধন হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধীসহ সাধারণ শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে সেখান থেকে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের রোটারেক্ট ক্লাব ও সিস্টেমেটিক চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্কের (বি-স্ক্যান) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। বিচারের দাবিএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন সাতক্ষীরার শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। গতকাল শনিবার সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৩৩ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। সাতক্ষীরা সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুস সামাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হায়দার ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা। চোরের উপদ্রবকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সিঁধেল চোরের উপদ্রব বেড়েছে। গত শুক্রবার রাতে উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের বাসিন্দা মুলতান মিয়ার ঘরে সিঁধ কেটে ভেতরে ঢুকে চোর এক বস্তা সুপারি নিয়ে গেছে। এর আগে গত মঙ্গলবার রাতে একই গ্রামে উপজেলার হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বির ঘরে সিঁধ কেটে ভেতরে ঢুকে চোর ৫০০ টাকা নিয়ে যায়। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা। জেলার দাবিতে উত্তর টাঙ্গাইলের ছয়টি উপজেলা নিয়ে ঘাটাইল জেলা গঠনের দাবিতে গতকাল শনিবার একটি সভা হয়েছে। সভায় ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় শিক্ষাবিদ আবুল হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সহিদুল ইসলাম, ঘাটাইল পৌরসভার মেয়র মঞ্জুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি।