সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারনওগাঁর মান্দা উপজেলায় গতকাল শনিবার অজ্ঞাতনামা এক যুবকের (২৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহেল বাকী জানান, বেলা একটার দিকে উপজেলার রায়পুর গ্রামের একটি কালভার্টের নিচে লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা হয়েছে। নওগাঁ প্রতিনিধি।শীতের কারণেপ্রচণ্ড শীতের কারণে কিশোরগঞ্জের তাড়াইলে তিন-চার দিন ধরে শীতবস্ত্রের বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। উপজেলা সদরসহ কয়েকটি হাটবাজার ঘুরে দেখা গেছে, ধনী মানুষ বিপণিবিতান থেকে বস্ত্র কিনলেও অসহায় মানুষ ফুটপাতের দোকান থেকে অপেক্ষাকৃত কম দামে গরম কাপড় কিনছেন। গতকাল শনিবার তাড়াইল সদরের টিডিডিসি চত্বরসংলগ্ন সড়কের ফুটপাত থেকে বস্ত্র কেনার সময় বৃদ্ধ আনফর আলী বলেন, ‘ঠান্ডা বাইড়্যা গেছে, এই কনকইন্যা ঠান্ডা থাইক্যা বাঁচার লাইগ্যা মোটা কাপড় কিনছি।’ তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।