সংক্ষেপে সারা দেশ
সড়ক দুর্ঘটনায়ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, গতকাল এএসআই ফারুক হোসেন গোপিনাথপুর থেকে মোটরসাইকেলে করে থানায় ফিরছিলেন। উত্তর গোপিনাথপুরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে একজন পথচারীর ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। গোপালগঞ্জ প্রতিনিধি।আসামি গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একাধিক মামলার আসামি মোজাম্মেল হক ওরফে শ্যামলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে আখাউড়ার সীমান্তবর্তী মনিয়ন্দ গ্রামের একটি বাড়ি থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।বিনা মূল্যে চক্ষুশিবিরময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গতকাল শুক্রবার বিনা মূল্যে একটি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। বন্ধু উন্নয়ন সংস্থা কুমিল্লার উদ্যোগে যুক্তরাষ্ট্রের বিদেশ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় হালুয়াঘাট আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এই শিবির অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৩০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া ৩০ জন রোগীকে চোখে অস্ত্রোপচারের জন্য ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বন্ধু উন্নয়ন সংস্থা কুমিল্লার সভাপতি মো. আবদুল ওয়াদুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন। ময়মনসিংহ অফিস।