সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তারজয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জাতীয় পার্টির স্থানীয় নেতা ফজলুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবদুল হামিদ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার অনন্তপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে গতকাল সোমবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম বলেন, নিহত ফজলুল হকের মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন হামিদ। বাড়ি ফেরার পথে বাজিতপুর নামক স্থানে দুর্বৃত্তদের হামলায় গত ১০ জানুয়ারি নিহত হন ফজলুল হক। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঅগ্নিকাণ্ডবরগুনা শহরের উপকণ্ঠে অবস্থিত লাকরতলা এলাকায় গতকাল সোমবার দুপুরে আগুন লেগে মসজিদ-মাদ্রাসাসহ ২০টি ঘর পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, লাকুরতলা বালিকা মাদ্রাসার উত্তর দিকের একটি ঘর থেকে গতকাল বেলা দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনী ও স্থানীয় লোকের চেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিজস্ব প্রতিবেদক, বরগুনা লাশ উদ্ধারফরিদপুরের নগরকান্দা উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৭) লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার ডাঙ্গি ইউনিয়নের কাজি কোরিয়াল এলাকার একটি ডোবা থেকে পুলিশ গতকাল সোমবার সকালে ওই লাশ উদ্ধার করে। নগরকান্দা থানার ওসি রামপ্রসাদ ভক্ত বলেন, নিহত ব্যক্তির পরনে জিনসের প্যান্ট ও গায়ে ফুলশার্ট ছিল। তাঁর শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিস