সংক্ষেপে সারা দেশ
ডায়মন্ড অলংকার মেলাচট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ডায়মন্ড অলংকার মেলা শুরু হয়েছে। চট্টগ্রাম ক্লাবে ওই মেলার আয়োজন করেছে ফিয়োরে। এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলায় ২৮ শতাংশ মূল্য ছাড় দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। আসামি গ্রেপ্তারবাগেরহাটের শরণখোলায় গতকাল বৃহস্পতিবার দুলাল মোল্লা (৩৫) নামের সাত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শরণখোলা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বনসংলগ্ন সোনাতলা মডেল বাজার এলাকার একটি বাড়ি থেকে দুলালকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে শরণখোলা ও মোরেলগঞ্জ থানায় ছয়টি ডাকাতি ও একটি নারী নির্যাতনের মামলা রয়েছে। শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা।কারাদণ্ডপঞ্চগড়ের তেঁতুলিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চেষ্টার দায়ে গতকাল বৃহস্পতিবার মিলন রহমান নামের এক যুবককে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, গতকাল পরীক্ষা শেষে ওই ছাত্রী তার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় ওই যুবক তাকে অপহরণের চেষ্টা চালায়। ঘটনার সময় মা ও মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পঞ্চগড় প্রতিনিধি।পিঠা উৎসবনোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া কলেজ প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফা প্রধান অতিথি এবং সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রায় ও পৌর কাউন্সিলর আহসান হাবীব বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।১১ জন গ্রেপ্তারকিশোরগঞ্জের কটিয়াদীতে গত বুধবার রাতে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ইদ্রিছ, তাজুল ইসলাম, আনার, কামাল, রতন, হাবিবুর রহমান, খোকন মিয়া, মধু মিয়া, জুয়েল, মনির হোসেন ও জহিরুল ইসলাম। কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ বলেন, ডলার প্রতারণা, জুয়া খেলা এবং মাদক ও দেশীয় অস্ত্র রাখার অভিযোগে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।