সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ড ফরিদপুরের সালথা উপজেলায় পুরুরা গ্রামে গতকাল রোববার অগ্নিকাণ্ডে অনিকা (৬) নামের এক শিশু মারা গেছে। পুড়ে গেছে ১২টি ঘর। গ্রামবাসী জানায়, গ্রামের নান্নু শেখের পাটখড়ির পালায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় ফরিদ শেখের মেয়ে অনিকা ভয়ে ঘরের চৌকির নিচে আশ্রয় নেয়। সেখানেই সে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ফরিদপুর অফিস।ত্রাণের টিন উদ্ধাররাজশাহীর পবা উপজেলার বেড়পাড়া গ্রাম থেকে গতকাল রোববার ত্রাণের এক বান্ডিল (আটটি) টিনসহ তরিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই গ্রামের ইসহাক আলীর বাড়ি থেকে দুই বান্ডিল ত্রাণের টিন উদ্ধার করা হয়। তবে ইসহাক ওই সময় বাড়িতে ছিলেন না। তরিকুল ইসলাম পুলিশকে জানান, তিনি গ্রামের মিলন নামের এক ব্যক্তির কাছ থেকে টিনগুলো কিনেছেন। পবা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।সাপের কামড়ে সুন্দরবনে সাপের কামড়ে আসলাম খান (৪০) নামের এক জেলে মারা গেছেন। গত শনিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের সুপতি স্টেশনসংলগ্ন কস্তুরীর খালে মাছ ধরার সময় একটি সাপ তাঁকে কামড় দেয়। পরে বনকর্মীদের সহযোগিতায় তাঁকে শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে তাঁর মৃত্যু হয়। বাগেরহাট প্রতিনিধি।যুবলীগ নেতা গ্রেপ্তার ফেনীর ফুলগাজীতে ডাকাতির একটি মামলায় যুবলীগের নেতা জাকির হোসেনকে (৩০) গতকাল রোববার জেলহাজতে পাঠানো হয়েছে। জাকির উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমেদ জানান, ২০০৩ সালের একটি ডাকাতি মামলায় জাকিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত শনিবার রাতে জাকিরকে গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, ফেনী।