সংক্ষেপে সারা দেশ
ইভ টিজিং রোধেরংপুরের পীরগাছায় গতকাল বৃহস্পতিবার মেয়েদের উত্ত্যক্ত করা (ইভ টিজিং) প্রতিরোধে গণসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ও কৈকুড়ী ইউনিয়নের সুশীল সমাজ কমিটির সহযোগিতায় উপজেলার চৌধুরাণী উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুশীল সমাজ কমিটির সভাপতি মাহবুবার রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কৈকুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম মণ্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দেবী চৌধুরাণী কলেজের উপাধ্যক্ষ তাহমিদুর রহমান, চৌধুরাণী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম মণ্ডল, সাংবাদিক মকবুল হোসেন। পীরগাছা (রংপুর) প্রতিনিধি।স্লুইসগেট খোলার দাবি বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙ্গা স্লুইসগেট খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে স্লুইসগেট এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে পাথরঘাটার মাদারতলী কৃষক সংগঠনের সভাপতি শহীদ পহলানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শাহজাহান মিয়া, ডৌয়াতলা ইউপির চেয়ারম্যান সাইতুল ইসলাম, কৃষক আবদুল আজিজ প্রমুখ। গেটটি খুলে দিলে যে পানি পাওয়া যাবে, তা সঠিকভাবে ব্যবহার করা গেলে ১৩টি গ্রামের ২০ হাজার একর জমিতে ফসল উৎপাদন বাড়বে। পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা। প্রশিক্ষণনীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) ছয় সপ্তাহব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, ভাইস চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোস্তফা মঈন উদ্দিন, পঞ্চগড়ের দেবীগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ উমাপদ রায়, বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোরঞ্জন রায় প্রমুখ। নীলফামারী প্রতিনিধি। সড়ক দুর্ঘটনা চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় মো. জামাল উদ্দিন (৩৫) নামের একজন স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে আটটায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের মৌতাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবারিক সূত্রে জানা যায়, ওই রাতে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। জামাল উদ্দিন টামটা দক্ষিণ ইউনিয়নের মাওলানা আমিনুল ইসলামের ছেলে। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।