সংক্ষেপে সারা দেশ
আপ্যায়ন ঝালকাঠি শহরের সিটি ক্লাব ও পাঠাগারের দ্বিবার্ষিক নির্বাচনে ভোট দেওয়ার পর ভোটারদের আঙুর ফল দিয়ে আপ্যায়ন করানো হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ পদের মধ্যে চারটি পদের নির্বাচনে গতকাল শুক্রবার সকালে ভোট নেওয়া হয়। বাকি সাতটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আপ্যায়ন প্রসঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনার রকিব বীন রাজ্জাক বলেন, ‘ভোটের পর আমাদের দেশে ভোটারদের সম্মান করা হয় না। পুরোনো এই প্রথা ভাঙার চেষ্টা করছি।’ ঝালকাঠি প্রতিনিধি।ফেনসিডিলসহ গ্রেপ্তার মাগুরায় ৩৯০ বোতল ফেনসিডিলসহ সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ইঞ্জিনচালিত একটি ট্রলিতে তল্লাশি চালিয়ে গতকাল শুক্রবার দুপুরে পুলিশ ওই ফেনসিডিল জব্দ করে এবং ট্রলিচালককে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার এসআই আবদুল আজিজ বলেন, তিন লাখ টাকা দামের ওই ফেনসিডিল পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সাজ্জাদ হোসেন। এ ব্যাপারে মামলা হয়েছে। মাগুরা প্রতিনিধি।মামলাউচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পাহাড় কাটার অভিযোগে কক্সবাজারের টেকনাফ উপজেলায় সুলতান আহমদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার হ্নীলা ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম বাদী হয়ে এলাকাবাসীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে টেকনাফ মডেল থানায় গতকাল বৃহস্পতিবার এ মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ বলেন, পরিবেশ আইনে মামলাটি নথিভুক্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।