সংক্ষেপে সারা দেশ
আউটসোর্সিং চুক্তিইমার্জিং কমিউনিকেশনস লিমিটেড (ইসিএল) এবং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্রাকো এশিয়া পিটিই লিমিটেডের মধ্যে আউটসোর্সিং সার্ভিস-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর বনানীর ইসিএল কার্যালয়ে গত বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষর অনুষ্ঠানে ইসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আহমেদ, নির্বাহী পরিচালক আহসান পারভেজ এবং ইনফ্রাকো এশিয়া পিটিই লিমিটেডের কান্ট্রি ম্যানেজার ফয়সাল মুবিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।আসামি গ্রেপ্তারফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুত্রবধূর করা মামলায় গত বৃহস্পতিবার রাতে শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, উপজেলা সদরের কোর্টপাড় এলাকার সুমন রহমান তিন মাস আগে ফরিদপুরের দক্ষিণ ঝিলটুলি এলাকার মাহমুদা আফরোজকে গোপনে বিয়ে করেন। তবে সুমনের বাবা হাবিবুর রহমান এ বিয়ে মেনে নেননি। তবে পুত্রবধূকে মেনে নিতে তিনি যৌতুক দাবি করেন। একই সঙ্গে সুমনও মাহমুদার কাছ থেকে মূল্যবান গহনা ও নগদ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান। ফরিদপুর অফিস।লাশ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খলসি-মুন্সিবাজার এলাকার একটি আমবাগান থেকে গতকাল শুক্রবার সকালে একজনের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। নাচোল থানার পরিদর্শক (তদন্ত) সাঈদ ইকবাল জানান, নিহত ব্যক্তির (৩০) পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরনে ছিল জিনেসর প্যান্ট ও গেঞ্জি। তাঁর গেঞ্জির পকেট থেকে শ্যামলী পরিবহনের চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী কোচের একটি টিকিট পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাচোল থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।প্রশিক্ষণ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জোবেদা রহিম ফাউন্ডেশনের স্বনির্ভর প্রকল্পের উদ্যোগে ২০ জন দুস্থ নারীকে দুই মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় বদিউল আলম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট মিলনায়তনে প্রশিক্ষণ নেওয়া ২০ জন নারীকে বিনা মূল্যে ২০টি সেলাই মেশিন দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টা সামসুল আলম, এমটারনেট গ্রুপের চেয়ারম্যান এ কে এ বদিউল আলম, কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। কসবা (্ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।ডাকাতিমৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়তল গ্রামে দুই কাতার-প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, বড়তল গ্রামে গত বৃহস্পতিবার রাতে প্রবাসী আবদুল হাসিমের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতেরা দুটি আলমারি ভেঙে ২৫ ভরি স্বর্ণালংকার ও পাঁচ লাখ টাকা লুট করে। এ ঘটনায় ডাকাতদের আঘাতে পরিবারের চার সদস্য আহত হয়। একই সময় ডাকাতেরা প্রবাসী শরাফত আলীর ঘরে হানা দিয়ে সাত ভরি স্বর্ণালংকার ও চার হাজার টাকা লুট করে। মৌলভীবাজার প্রতিনিধি।অগ্নিকাণ্ডময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিবপুর গ্রামে গতকাল শুক্রবার আগুনে পুড়ে একটি বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির মালিক মো. হাফিজ উদ্দিন জানান, গতকাল সকাল নয়টার দিকে মশার কয়েল থেকে ওই আগুনের সূত্রপাত হয়। পরে অন্য ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে আসবাব, তৈজসপত্র ও নগদ টাকাসহ অন্যন্য জিনিসপত্র পুড়ে যায়। তিনি দাবি করেন, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।