সংক্ষেপে সারা দেশ
স্ত্রী হত্যার অভিযোগ রাজশাহীর বাঘা পৌরসভার গাঁওপাড়া মহল্লার বাসিন্দা শিয়ারুল ইসলামের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁর স্ত্রী শিফা খাতুনের (১৮) লাশ বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় গতকাল রোববার ফেলে রাখা হয়। শিফার মায়ের অভিযোগ, ‘নগদ ৫০ হাজার টাকা নেওয়ার পরও যৌতুক হিসেবে একটি গরু দাবি করে শিফাকে প্রায়ই মারধর করত শিয়ারুল ইসলাম। গতকাল শিফাকে পিটিয়ে হত্যা করা হয়।’ বাঘা থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বলেন, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই শিয়ারুল ও তাঁর পরিবারের লোকজন পলাতক। এ ব্যাপারে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।জরিমানা মাদক সেবনের অপরাধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মো. মেরাজুল ইসলাম নামের এক যুবককের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল রোববার এ রায় দেন। মেরাজুলের বাড়ি উপজেলার আটাপাড়া গ্রামে। জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মাহমুদুল আলম। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।