সংক্ষেপে সারা দেশ
আনন্দ মিছিলফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমউদ্দিন উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে ছয়জন ও সাধারণ গ্রেডে ১০ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় গতকাল শনিবার দুপুরে একটি আনন্দ মিছিল হয়েছে। মিছিলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকসহ এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আবু সহিদ মিয়া প্রমুখ বক্তৃতা করেন। ফরিদপুর অফিস।মানববন্ধন অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিপন আহমেদ, সাবেক সভাপতি রফি আহমেদ প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।কলেজছাত্র গ্রেপ্তারমুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গতকাল শনিবার জুয়েল ফকির (২৪) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্যাশী গ্রামে। জুয়েল বাগেরহাট সরকারি পিসি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, জুয়েলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাগেরহাট প্রতিনিধি।একজন গ্রেপ্তারগোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকা থেকে গত শুক্রবার রেজাউল করিম মাতুব্বর (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, শুক্রবার রাতে মাদারীপুর র্যাব-৮-এর মেজর জাহিদ হাসানের নেতৃত্বে হরিদাসপুর মোড় এলাকা থেকে রেজাউলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি।বিনা মূল্যে সার মৌলভীবাজার সদর উপজেলায় গতকাল শনিবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী বীজ ও সার বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল জলিল মিয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কাজী লুৎফুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন। মৌলভীবাজার প্রতিনিধি।