সংক্ষেপে সারা দেশ
বিক্ষোভ সমাবেশ জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল সোমবার বেলা ১১টায় ফরিদপুর শহরের প্রেসক্লাব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাত দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির জেলা শাখার আহ্বায়ক রমেন্দ্র নাথ রায় কর্মকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তোফাজ্জেল হোসেন লস্কর, শহীদুল ইসলাম প্রমুখ। ফরিদপুর অফিস দুজন গ্রেপ্তার বরগুনা সদর উপজেলার চালিতাতলী খেয়াঘাট থেকে ফারুক হোসেন ও আবদুল বারেক নামের দুই ব্যক্তিকে গতকাল সোমবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা মলম পার্টির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ফারুক ও বারেক পাঁচ বছর ধরে ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে মামলা হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধি