সংক্ষেপে সারা দেশ
একজন গ্রেপ্তার ফরিদপুরে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার ব্যক্তির নাম বাদল মিয়া। র্যাব জানায়, গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের কানাইপুর এলাকা থেকে ১৫০টি ইয়াবা বড়িসহ বাদলকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ বিষয়ে র্যাবের ডিএডি এজাবুল হক একটি মামলা করেছেন। ফরিদপুর অফিস। আটক ২সিলেট শহর থেকে গত বৃহস্পতিবার দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার একটি হোটেলে বৃহস্পতিবার রাতে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ৪৫টি ইয়াবা বড়িসহ সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে সাজ্জাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত দুইটার দিকে নগরের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ইয়াবা বড়িসহ মিলাদ হোসেন নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। সিলেট প্রতিনিধি।সাংবাদিককে হুমকি! দৈনিক আমার দেশ পত্রিকার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আলী আহমদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আলী আহমদ অভিযোগ করেন, গত বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ফলাফলে উত্তীর্ণ এক ব্যক্তির ভুয়া নাগরিকত্ব সনদের বিষয়ে শুনানি চলাকালে তিনি সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম আহমদ ও খলিলুর রহমানের সঙ্গে কথা বলতে যান। এ সময় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সফিকুল হক তাঁকে হত্যার হুমকি দেন। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।