সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘর্ষে আহত ২০
কুড়িয়ে পাওয়া টাকার ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের হরিনারায়ণপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২০ জন আহত হয়েছে। পুলিশ ও গ্রামবাসী জানিয়েছেন, গত সোমবার সকালে পার্শ্ববর্তী সিরাজগঞ্জ শহরের একডালা মহল্লার সামছুল মিয়া হরিনারায়ণপুর গ্রামের সড়কের মোড়ে দুই হাজার ৭০০ টাকা কুড়িয়ে পান। ওই টাকার ভাগ চান হরিনারায়ণপুর গ্রামের হাছাব আলী। এই নিয়ে তাঁদের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।

কারাদণ্ড
বাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষ করার দায়ে গতকাল মঙ্গলবার সালাম ব্যাপারী (৫৫) নামের একজনকে দেড় বছর বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা গ্রামের মৃত কোহেল ব্যাপারীর ছেলে। গতকাল মঙ্গলবার সকালে ১০টার দিকে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম জয়ন্তী রায়। তিনি জানান, সালাম ব্যাপারী তাঁর বাড়ির আঙিনায় গাঁজার চারা রোপণ করেছিলেন। সেখান থেকে ২১টি গাঁজাগাছের চারা জব্দ করে। ফরিদপুর অফিস।

জরিমানা
জুয়া খেলার অপরাধে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের বনগাবী গ্রামের দীপক চন্দ্র তালুকদার (৪৫) ও জুয়েল তালুকদার (২১) নামের দুই জুয়াড়িকে তিন শ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে ইউএনও ও নির্বাহী হাকিম মোহামঞ্চদ খালেদুর রহমান এই আদেশ দেন। ধরমপাশা থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা জানান, জুয়া খেলার অপরাধে সোমবার রাতে তাঁদের আটক করা হয়। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।

গ্রেপ্তার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাঁজা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে প্রায় এক লাখ টাকার গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। উপজেলার আঠারবাড়ি রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার মধুপুর গ্রামের মৃত আবু বকরের ঘর থেকে ২১ কেজি গাঁজাসহ তাঁর স্ত্রী মিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার মিনাসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।