সংক্ষেপে সারা দেশ
কমিটি গঠন মাগুরায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের জেলা শাখা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মাগুরা প্রেসক্লাবে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয়ভাবে অনুমোদিত ২৫ সদস্যের ওই আহ্বায়ক কমিটিতে মো. আলিমুজ্জামান আহ্বায়ক ও রইচ উদ্দিন সদস্যসচিব নির্বাচিত হয়েছেন। মাগুরা প্রতিনিধি।চারজন গ্রেপ্তার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ডাকাতির পরিকল্পনা করার অভিযোগে আলাউদ্দিন, রফিকুল ইসলাম, আলম ও রাসেল নামের চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের চৌধুরীবাজার থেকে পুলিশ গত শুক্রবার গভীর রাতে ওই চারজনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রামদা ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজামেঞ্চল হোসেন বলেন, ওই ডাকাতদলের কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় মামলা হয়েছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।নাসাকা সদস্য আটককক্সবাজারের উখিয়া উপজেলায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে গত শুক্রবার বিকেলে আটক করা হয়েছে। ছদ্মবেশী ওই ব্যক্তির নাম রিওয়ালা। বাংলাদেশের ভূখণ্ড থেকে নৌকাযোগে চালের বস্তা নিয়ে যাওয়ার সময় তিনি সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে আটক হন। এ সময় নৌকাভর্তি চাল ও মাঝি মিয়ানমারের নাগরিক ছৈয়দ হোসেনকে আটক করা হয়। বিজিবির-১৭ অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান বলেন, এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য নাসাকা বাহিনীকে গতকাল শনিবার চিঠি দেওয়া হয়েছে। উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।সংবর্ধনা কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন চা-শ্রমিক পরিবারের সন্তান ৫৪ জন শিক্ষার্থীকে গত শুক্রবার সন্ধ্যায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দুটি পাতা একটি কুঁড়ি সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে উপজেলার আলীনগর চা-বাগানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ নবাব আলী আব্বাস খান। আয়োজক সংগঠনের প্রধান সুমন কৈরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, আলীনগর চা-বাগান পঞ্চয়েত কমিটির সভাপতি গণেশ পাত্র প্রমুখ। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।