সংক্ষেপে সারা দেশ
পোনা উদ্ধার বরগুনার পাথরঘাটা উপজেলায় প্রায় সাড়ে ১৫ লাখ বাগদা রেণু পোনা উদ্ধার করা হয়েছে। বিষখালী নদীসংলগ্ন খেয়াঘাট ও তালতলীর পায়রা নদীসংলগ্ন নিদ্রা সখিনা এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড গত মঙ্গলবার ওই পোনা উদ্ধার করে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন-অর-রশীদ বলেন, মৎস্য বিভাগের উপস্থিতিতে পায়রা নদীতে ওই পোনা অবমুক্ত করা হয়েছে। এই পোনার আনুমানিক মূল্য ৩১ লাখ টাকা। মালিকপক্ষের মুচলেকা নিয়ে পোনা পরিবহনকারী তিনটি ট্রলার ছেড়ে দেওয়া হয়েছে। পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা।অগ্নিকাণ্ড ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আগুন লেগে পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙ্গা পৌর এলাকার বিশ্বরোড মোড়ে গতকাল বুধবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক রমেন্দ্রনাথ চৌধুরী। পৌরসভার কাউন্সিলর বশীর আহমেদ বলেন, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফরিদপুর অফিস।